প্রিন্ট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পিএম
ফেনীতে দিনের বেলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১২:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
আরও পড়ুন
ফেনী শহরে দিনের বেলায় প্রবাসীর বাসায় ঢুকে এক গৃহবধূকে ছুরি দেখিয়ে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে শহরের মহিপাল ফলের আড়তসংলগ্ন রেহান ম্যানশনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত গৃহবধূ শাহানা আক্তারের অভিযোগ, দুই ব্যক্তি জোরপূর্বক বাসায় ঢুকে তাকে ছুরি দেখিয়ে মুখ বেঁধে ফেলেন। পরে গলা চেপে ধরে ভয়ভীতি দেখিয়ে বাসায় থাকা নগদ ১০ লাখ ৬০ হাজার টাকা ও প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যান তারা।
শাহানা আক্তার জানান, তার স্বামী মো. নুরুজ্জামান সৌদি আরব প্রবাসী। তারা বাড়ির দ্বিতীয় তলায় বসবাস করেন। তাদের একমাত্র ছেলে সামাউন রেহান নবম শ্রেণিতে পড়াশোনা করে। ঘটনার সময় ছেলে বিদ্যালয়ে থাকায় বাসায় তিনি একাই ছিলেন।
তিনি বলেন, সকাল সাড়ে ৮টার দিকে কলিংবেলের শব্দ শুনে দরজা খুলতেই দুজন জোরপূর্বক ঘরে ঢুকে পড়েন। তারা তাকে ঝাপটে ধরে ছুরি দেখিয়ে ভয় দেখান এবং মুখ বেঁধে ফেলেন। পরে বাসার বিভিন্ন স্থানে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে দ্রুত চলে যান।
ঘটনার পর গৃহবধূ অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে স্বজনরা তাকে দেখাশোনা করেন। স্ত্রীর বাসায় এমন ঘটনার খবর পেয়ে সৌদি আরব থেকে দেশে ফেরার উদ্দেশে রওয়ানা হয়েছেন তার স্বামী মো. নুরুজ্জামান।
এদিকে ঘটনার সিসিটিভি ফুটেজ বুধবার সন্ধ্যার দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ফেনী শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রকাশ্য দিবালোকে আবাসিক ভবনে ঢুকে এমন লুটের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সঙ্গে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়।
ফেনী মডেল থানার পরিদর্শক (অপারেশন) সাজেদ কামাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গৃহবধূ অসুস্থ থাকায় তার সঙ্গে বিস্তারিত কথা বলা সম্ভব হয়নি। তিনি কিছুটা সুস্থ হলে বৃহস্পতিবার তার সঙ্গে বিস্তারিত কথা বলা হবে। এরপর ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতারের তথ্য পাওয়া যায়নি।
সম্পর্কিত খবর
নামাজে যাওয়ার পথে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পিএম
ফাইল ছবি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আব্দুল মান্নান (৬২) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মোজাম্মেল (৪৫) নামে একজনের বিরুদ্ধে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিয়ের বিষয় নিয়ে আব্দুল মান্নানের এক চাচাতো ভাইয়ের সঙ্গে স্থানীয় মোজাম্মেল (৪৫) নামে এক ব্যক্তির বিরোধ চলছিল। এ নিয়ে মঙ্গলবার বাজারে মোজাম্মেল হুমকি দিলে আব্দুল মান্নান এর প্রতিবাদ করেন। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। পরে স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করে দেন।
স্বজনদের অভিযোগ, ওই ঘটনার জেরে ক্ষুব্ধ হয়ে মোজাম্মেল এশার নামাজ পড়তে যাওয়ার পথে অন্ধকার একটি স্থানে আব্দুল মান্নানের ওপর ধারালো অস্ত্র দিয়ে কুপানো হয়। পরে তাকে রাউজানের পাহাড়তলী এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের ছেলে মো. মুন্না ও স্বজনেরা এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. জহির উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।