ঢাকামঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

নেপালে পিঠে বোন নিয়ে মা-বাবার খোঁজে খুদে বালক, মনে করাল নাগাসাকির সেই ছবি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১১:২১ এএম


নেপালে পিঠে বোন নিয়ে মা-বাবার খোঁজে খুদে বালক, মনে করাল নাগাসাকির সেই ছবি
পিঠে ছোট বোনকে নিয়ে মা-বাবার সন্ধানে খুদে বালক—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্য; যা মনে করিয়ে দেয় নাগাসাকির সেই ছবি। ছবি : সংগৃহীত

পিঠে দুধের শিশুকে বেঁধে কাদামাখা পথে হেঁটে চলছে এক বালক। চোখে-মুখে ক্লান্তি, শরীরজুড়ে কাদা। তবু থামছে না তার পথচলা। খুঁজছে মা-বাবাকে। নেপালের সাম্প্রতিক বিপর্যয়ের সঙ্গে সম্পর্কিত বলে দাবি করা এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দৃশ্যটি অনেকের মনে করিয়ে দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের নাগাসাকিতে ধারণ করা এক ঐতিহাসিক ছবির কথা।

গত রোববার (৩০ আগস্ট) থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক বালক তার ছোট বোনকে পিঠে বেঁধে নিয়ে হাঁটছে। পিঠে থাকা শিশুটিকে দুধের শিশু বলেই মনে হচ্ছে। সে চিৎকার করে কাঁদছিল। তবে ক্ষুধা, ভয় নাকি অসুস্থতার কারণে সে কাঁদছিল, তা ভিডিওতে স্পষ্ট নয়।

বালকটির চোখে-মুখে কাদা লেগে আছে। দীর্ঘ সময় হাঁটার কারণে তাকে ক্লান্তও মনে হচ্ছে। এরপরও ছোট ছোট পায়ে এগিয়ে যাচ্ছে সে। মাঝে মধ্যে চারপাশে তাকাচ্ছে। যেন ভিড়ের মধ্যে কিংবা ধ্বংসস্তূপের পাশে মা-বাবার দেখা মিলবে—এমন আশাতেই পথ চলছে।

আরও পড়ুন

Screenshot_2026-09-01_112246

এখন পর্যন্ত ওই দুই শিশুর নাম-পরিচয় জানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমের এক ব্যবহারকারী ভিডিওটি প্রকাশ করে দাবি করেছেন, এটি নেপালের হৃদয়বিদারক দৃশ্য। তার পোস্টে বলা হয়, ছোট ছেলেটি বোনকে পিঠে নিয়ে মা-বাবাকে খুঁজছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই আবেগাপ্লুত হয়েছেন। দুই শিশুর নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। তারা দ্রুত মা-বাবাকে খুঁজে পাক—এমন প্রার্থনাও করেছেন কেউ কেউ। আবার অনেকেই শিশুটির সাহসের প্রশংসা করেছেন।

তবে ভিডিওটি নেপালের সাম্প্রতিক বিপর্যয়েরই দৃশ্য কি না, তা এখনো নিশ্চিত নয়। ভিডিওটির স্থান, সময় ও শিশু দুটির পরিচয়ও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবির সত্যতা নিয়ে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।

নাগাসাকির সেই ছবির কথা মনে করাল

ভিডিওটির দৃশ্য দেখে অনেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের নাগাসাকিতে তোলা একটি ঐতিহাসিক ছবির কথা স্মরণ করছেন। পারমাণবিক বোমা হামলার প্রায় দুই মাস পর মার্কিন সেনা কর্মকর্তা জো ও’ডনেল একটি ছবি তুলেছিলেন। সেখানে এক খুদে বালককে পিঠে তার মৃত ছোট বোনকে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরবর্তী সময়ে ছবিটি যুদ্ধের ভয়াবহতার অন্যতম প্রতীক হয়ে ওঠে।

তবে নেপালের ভিডিওতে দেখা বালকটির পরিস্থিতি ওই ঐতিহাসিক ছবির বালকের সঙ্গে এক নয়। পিঠে ছোট বোনকে নিয়ে এক শিশুর অসহায় পথচলার দৃশ্যই শুধু অনেকের মনে নাগাসাকির সেই ছবির স্মৃতি ফিরিয়ে এনেছে।

সিনেমার সঙ্গেও মিল খুঁজছেন অনেকে

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে জাপানের অ্যানিমেটেড সিনেমা ‘গ্রেভ অব দ্য ফায়ারফ্লাইজ’-এর কথাও উল্লেখ করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের দুই ভাইবোন সেতা ও সেতসুকোর জীবন ও সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রটি বিশ্বজুড়ে প্রশংসিত। নেপালের ভিডিওতে দেখা দুই শিশুর দৃশ্যের সঙ্গে ওই গল্পের কিছুটা মিল খুঁজে পেয়েছেন অনেকে।

ভিডিওটির সত্যতা নিশ্চিত না হলেও পিঠে ছোট বোনকে নিয়ে মা-বাবার সন্ধানে ঘুরে বেড়ানো শিশুটির অসহায় মুখ ও ক্লান্ত শরীর সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের মনে গভীর ছাপ ফেলেছে।


আরটিভি/জেএমএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

আরও পড়ুন

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৬ | RTV Online |