রংপুরে ৪ খুন: গ্রেপ্তার ‍২ যুবকের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

রংপুর নগরীর দাসপাড়া (মাছুয়াপাড়া) এলাকায় একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই যুবকের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি।

আজ সোমবার দুপুরে চিকিৎসকের প্রতিবেদন পাওয়ার পর সাংবাদিকদের এ তথ্য জানান রংপুর মহানগর ডিবির উপকমিশনার সনাতন চক্রবর্তী।

পুলিশ জানায়, গতকাল রোববার দুপুরে গ্রেপ্তার দুই যুবক সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টের জন্য প্রস্রাবের নমুনা সংগ্রহ করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। নিরাপত্তার কারণে তাদের কারাগার থেকে বাইরে না এনে রংপুর কেন্দ্রীয় কারাগারেই নমুনা সংগ্রহ করা হয়।

রংপুর মেডিকেল কলেজের টেকনোলজিস্ট মোহাম্মদ আশরাফ ডেইলি স্টারকে বলেন, দুই অভিযুক্তের নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল। আজ দুপুরে পরীক্ষার ফলাফল ও চিকিৎসকের মতামত ডিবি পুলিশের কাছে পাঠানো হয়েছে।

উপকমিশনার সনাতন চক্রবর্তী বলেন, আজ দুপুরে গ্রেপ্তার সিদ্ধার্থ ও মুগ্ধর ডোপ টেস্টের প্রতিবেদন পেয়েছি। তাদের শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে চিকিৎসক মতামত দিয়েছেন। এখন মামলা কোনদিকে যাবে সেটা বলতে পারছি না।

গত ২২ আগস্ট রাতে নগরীর দাসপাড়া এলাকার একটি বাড়ি থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন—রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৩) ও ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)।

এর আগের দিন ২১ আগস্ট সকালে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় ২৩ আগস্ট ভোরে একই এলাকার  সিদ্ধার্থ দাস (১৯) ও মুগ্ধ দাসকে (২৩) গ্রেপ্তার করা হয়।

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ: ইউপি সদস্যসহ ৩ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা, জামালপুর

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ইউনিয়ন পরিষদ সদস্যসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

একইসঙ্গে প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার বিকেলে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন—রশিদপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ছাত্তার আলী, মো. আবদুল মালেক ও মো. আনু।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফজলুল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২৪ সালের ১৯ অক্টোবর রাতে জামালপুর সদর উপজেলায় এ ঘটনা ঘটে। রাত ১১টার দিকে আসামিরা এক নারীকে বাইরে ডেকে পাশের বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন।

পরে জামালপুর সদর থানায় মামলা করেন ওই নারী।

১০ জন সাক্ষীর সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ পরীক্ষা শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিদের উপস্থিতিতে আদালত এ রায় দেন।

আদালতের আদেশ অনুযায়ী, জরিমানার অর্থ আদায় করে ওই নারীকে দেওয়া হবে বলেও জানান পিপি ফজলুল হক।

লেস্টারের সঙ্গে ২০ বছরের সম্পর্ক চুকিয়ে শেফিল্ডে হামজা

স্পোর্টস ডেস্ক

ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগেই দলীয় শক্তি বাড়িয়ে নিল শেফিল্ড ইউনাইটেড। সত্যি হলো আগের দিন ছড়িয়ে পড়া গুঞ্জন। লেস্টার সিটির সঙ্গে দীর্ঘ ২০ বছরের সম্পর্কের ইতি টেনে স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরলেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী। ক্লাবটির সঙ্গে প্রাথমিকভাবে এক বছরের চুক্তি করেছেন ২৮ বছর বয়সী এই ভার্সেটাইল মিডফিল্ডার।

নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এই খবর দিয়েছে শেফিল্ড।  ২০২৫ সালে ধারে খেলতে এসে শেফিল্ডের সমর্থকদের প্রিয় মুখ হয়ে উঠেছিলেন হামজা। সেবার সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯টি ম্যাচ খেলার পাশাপাশি ক্লাবটিকে চ্যাম্পিয়নশিপের প্লে-অফ ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি।

পুরোনো শিষ্যকে ফেরাতে পেরে উচ্ছ্বসিত শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার। তিনি বলেন, ‘কারডিফ ম্যাচের পরই আমি দল জোরদার করার কথা বলেছিলাম। বেশ কিছু চোট সমস্যা থাকায় রাইট ব্যাক পজিশনে প্রতিদ্বন্দ্বিতা বাড়ানো জরুরি ছিল। আমরা সবাই জানি হামজা এই ভূমিকা কতটা চমৎকারভাবে পালন করতে পারেন। প্রথমবার এসে সে যেমন শারীরিক শক্তি ও তেজ দেখিয়েছিল, সমর্থকরা তা খুব পছন্দ করেছিলেন।’

কোচ ওয়াইল্ডার আরও যোগ করেন, ‘লেস্টারের হয়ে প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জয়ের অভিজ্ঞতা আছে হামজার। এই পর্যায়ে কীভাবে সফল হতে হয়, তা তাঁর খুব ভালো জানা আছে।'

পুরোনো আঙিনায় ফিরতে পেরে দারুণ রোমাঞ্চিত হামজা নিজেও। তিনি বলেন, ‘লেস্টারে আমি ২০ বছর কাটিয়েছি, ফলে এই ক্লাব ছাড়া আমার ও পরিবারের জন্য বড় এক পরিবর্তন। তবে নতুন চ্যালেঞ্জের জন্য আমি প্রস্তুত। শেফিল্ডের দিনগুলো আমি খুব উপভোগ করেছি, কোচের সঙ্গেও সব সময় যোগাযোগ ছিল। তাঁর অধীনে খেলতে আমি সব সময়ই পছন্দ করি।’

মাত্র ৭ বছর বয়সে লেস্টার সিটির একাডেমিতে যোগ দিয়েছিলেন হামজা। পরবর্তীতে ক্লাবটির মূল দলের হয়ে প্রিমিয়ার লিগ ও ইউরোপা লিগে খেলেন। ২০২১ সালে চেলসিকে হারিয়ে লেস্টারের ঐতিহাসিক এফএ কাপ জয়ী দলেরও সদস্য ছিলেন তিনি। চলতি মৌসুমে লেস্টারের হয়ে ৩টি ম্যাচ খেলার পর এবার স্থায়ীভাবে 'এসটু'খ্যাত ক্লাব শেফিল্ডে নাম লেখালেন এই বাংলাদেশি আন্তর্জাতিক তারকা।

বিদায় বেলায় হামজার প্রতি শুভকামনা জানিয়েছে তার এতদিনকার ঠিকানা লেস্টার সিটি, ‘সাত বছর বয়সে হামজা আমাদের সঙ্গে যোগ দেন। পরবর্তীতে আমাদের প্রথম দলের প্রতিনিধিত্ব করে এফএ কাপ ও চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতেন তিনি। লেস্টার সিটির সঙ্গে তার দুই দশকেরও বেশি সময় ধরে চলা এই পথচলার জন্য ধন্যবাদ, হামজা। ভবিষ্যতে তোমার জন্য অনেক শুভকামনা।’