লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মাদক সেবনের ভিডিও ভাইরাল হওয়ার পর অভিযুক্ত বিএনপি নেতা মিরন জমদ্দারকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (৩ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি। অব্যাহতি পাওয়া মিরন একই উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে ছিলেন। তিনি ওই ওয়ার্ডের মৃত রশিদ জমদ্দারের ছেলে।
ইউনিয়ন বিএনপির সভাপতি তাওহীদ হোসেন ও সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন পাটওয়ারী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ওই নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এছাড়া উপজেলা বিএনপির পক্ষ থেকেও মিরনকে অসামাজিক কার্যকলাপ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।
জানা গেছে, সোমবার (৩ আগস্ট) মিরনের মাদক সেবনের ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটিতে তাকে ইয়াবা ও গাঁজা সেবন করতে দেখা যায়।
এদিকে অভিযোগের বিষয়ে মিরন জমাদ্দার নিজেকে নির্দোষ দাবি করে ফেসবুকে একটি ভিডিও বার্তা দেন।
এতে তিনি দাবি করেন, ২০২২ সালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজনের ভয়ভীতি দেখিয়ে ও চাপ দিয়ে তাকে মাদক সেবন করিয়েছে। তখন ওই ভিডিওটি ধারণ করা হয়। সেই ভিডিও এখন ছড়িয়ে দেওয়া হয়েছে।
রামগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু বলেন, মাদক সেবনের ভাইরাল ভিডিওটি নজরে আসার পর তাৎক্ষণিকভাবে দল থেকে মিরনকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (০৪ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫ মিনিট কুমিল্লার কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পেয়েছেন।
এর আগে রোববার (০২ আগস্ট) মামলার শুনানি শেষে হাফিজুর রহমানকে জামিন দেন হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথীকা হোসাইনের বেঞ্চ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান।
প্রসঙ্গত, দীর্ঘ ১০ বছর পর চলতি বছরের ২২ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসভবন থেকে তনু হত্যা মামলায় হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পরদিন তাকে কুমিল্লার আদালতে হাজির করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পিবিআইয়ের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তদন্ত কর্মকর্তা জানান, তনু হত্যা মামলায় হাফিজুর রহমানকে প্রথমবার গ্রেপ্তারের পর তার ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। পরে ডিএনএ সংক্রান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান বলেন, হাইকোর্টের জামিনের পর মঙ্গলবার সন্ধ্যায় সব আনুষ্ঠানিকতা শেষে তনু হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত তারা সদস্য হাফিজুর রহমানকে মুক্তি দেওয়া হয়।