দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: digital@desh.tv
দিনাজপুরের বিরামপুরে সরকারি খাস পুকুর ইজারা কার্যক্রম চলাকালে দায়িত্বরত এক পুলিশ কনস্টেবলকে লাথি মেরে আহত করার অভিযোগে বিএনপি নেতার ছেলেসহ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টার দিকে বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করে মামলা করেন।
মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন রাহাদুজ্জামান পরাগ (২৭), যিনি বিরামপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম বাবুর ছেলে এবং আল আমিন হোসেন (২৫), বিরামপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
মামলার এজাহারে বলা হয়েছে, সোমবার দুপুরে উপজেলা পরিষদের অর্পিত সরকারি পুকুরের প্রকাশ্য ইজারা কার্যক্রম চলাকালে কয়েকজন যুবক সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং ইউএনওর কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা এগিয়ে গেলে অভিযুক্তরা তাদের সঙ্গে ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
এ সময় কনস্টেবল মো. নুরুজ্জামানকে এলোপাতাড়ি লাথি মেরে আহত করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে ধারণ করা ভিডিও মুছে ফেলতেও পুলিশ সদস্যদের বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
পরে অন্য পুলিশ সদস্যরা আহত কনস্টেবলকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিনি প্রাথমিক চিকিৎসা নেন।
বিরামপুর থানার তদন্ত কর্মকর্তা শামিম আল মামুন বলেন, দুইজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করে মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুন বলেন, তার কার্যালয়ের সামনে সরকারি পুকুরের ইজারা কার্যক্রম চলাকালে কয়েকজন যুবক সরকারি কাজে বাধা সৃষ্টি করেন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা হয়েছে। তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জে আই
লক্ষ্মীপুর জেলার চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে সরকারি দপ্তরগুলোর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের উদ্যোগে লক্ষ্মীপুরে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য পৌর শহরের কাছাকাছি প্রায় ১৫০ একর জমি অধিগ্রহণের কার্যক্রম শিগগিরই শুরু হবে। পাশাপাশি লক্ষ্মীপুর নার্সিং কলেজ ও মেডিকেল কলেজের কার্যক্রমও দ্রুত চালু করা হবে।
তিনি আরও বলেন, লক্ষ্মীপুর-চন্দ্রগঞ্জ চার লেন সড়কের কাজ চলমান রয়েছে। একই সঙ্গে লক্ষ্মীপুর-রামগঞ্জ-হাজীগঞ্জ হয়ে গৌরীপুর পর্যন্ত ৩৬ ফুট প্রশস্ত সড়ক নির্মাণের কাজও শিগগিরই শুরু হবে।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, তার এবং লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূইয়ার উদ্যোগে জেলার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। তবে সরকারি দপ্তরগুলোর আন্তরিক সহযোগিতা ছাড়া নির্ধারিত সময়ে এসব প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে না।
সরকারি কাজে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না উল্লেখ করে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক এস. এম. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূইয়া, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএস/
সিরাজগঞ্জের এম মনসুর আলী রেলস্টেশনের কাছে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-ঈশ্বরদী রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। এর প্রভাবে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বিঘ্নিত হওয়ায় বিভিন্ন ট্রেনের শিডিউলে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। এতে উল্লাপাড়া রেলস্টেশনে অপেক্ষমাণ শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।
মঙ্গলবার দুপুরে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস এম মনসুর আলী রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ঢাকাগামী ও উত্তরাঞ্চলগামী একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে এবং নির্ধারিত সময়সূচি ভেঙে পড়ে।
উল্লাপাড়া রেলস্টেশনে সকাল থেকেই বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ট্রেনের অপেক্ষায় থাকলেও ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য না পাওয়ায় তারা অনিশ্চয়তায় পড়েন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীরা।
অনেক যাত্রী দীর্ঘ সময় প্ল্যাটফর্মে অপেক্ষা করার পর বিকল্প পরিবহনের খোঁজে স্টেশন ছেড়ে যেতে বাধ্য হন।
ঢাকাগামী এক যাত্রী বলেন, জরুরি কাজে ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু ট্রেন চলাচল বন্ধ থাকায় ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে। কখন ট্রেন চলবে, সে বিষয়ে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।
আরেক যাত্রী বলেন, আগে থেকেই টিকিট কেটে রেখেছিলেন। এখন ট্রেন না চলায় সময় ও অর্থ—উভয় দিক থেকেই ক্ষতির মুখে পড়েছেন।
উল্লাপাড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার আব্দুল বাতেন বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে লাইন সচল করার কাজ শুরু করেছে। মেরামত শেষে ধাপে ধাপে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে। তবে ট্রেনের শিডিউল পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।
রেলওয়ে সূত্র জানায়, ঢাকা ও উত্তরাঞ্চলের মধ্যে প্রতিদিন ২৮টি আন্তনগর ট্রেন আপ-ডাউনে চলাচল করে। দুর্ঘটনার কারণে এসব ট্রেনের চলাচল ও সময়সূচিতে ব্যাপক প্রভাব পড়েছে।
জে আই
সাতক্ষীরা শহরের ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিস, পুলিশ ও অন্যান্য সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে হাসপাতালের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। হাসপাতালে ভর্তি রোগীদের নিরাপদে সরিয়ে সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুশান্ত কুমার ঘোষ বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করে রোগীদের অন্য হাসপাতালে পাঠিয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইফুজ্জামান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অ্যাম্বুলেন্সে করে রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।
হাসপাতালের প্রশাসনিক বিভাগের অতিরিক্ত পরিচালক প্রদীপ কুমার বিশ্বাস বলেন, নিচতলায় আগুন লাগার খবর পেয়ে দ্রুত রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস, বিজিবি ও পুলিশের সদস্যরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।
এমএস/
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার ও বিদ্যুতের তার চুরির ঘটনা বেড়ে যাওয়ায় কৃষক, সেচ পাম্প ও রাইস মিল মালিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, গত এক মাসে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এমন একাধিক ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের মহদীপুর এলাকায় ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন চৌধুরীর মালিকানাধীন একটি রাইস মিলের দুটি পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার ভেঙে ভেতরের তামার কয়েল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ট্রান্সফরমারের খোলস পাশের একটি জমিতে পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়দের ভাষ্য, ভোরে হাঁটতে বের হয়ে তারা ট্রান্সফরমার দুটি পড়ে থাকতে দেখে বিষয়টি জানতে পারেন। খবর পেয়ে ফুলবাড়ী থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এলাকাবাসীর দাবি, এর আগেও পাশের একটি সেচ পাম্পের ট্রান্সফরমার একই কায়দায় চুরি হয়েছিল। এছাড়া উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নের কোনো না কোনো এলাকায় সম্প্রতি ট্রান্সফরমার ও বিদ্যুতের তার চুরির ঘটনা ঘটেছে।
বর্তমানে আমন মৌসুমে উঁচু জমিতে সেচের জন্য কৃষকদের সেচ পাম্পের ওপর নির্ভর করতে হচ্ছে। এ অবস্থায় ট্রান্সফরমার চুরি অব্যাহত থাকলে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদনও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।
স্থানীয় বাসিন্দারা চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং বিদ্যুৎ সরঞ্জাম চুরি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, ট্রান্সফরমার ও বিদ্যুতের তার চুরির ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।
জে আই
জুলাই গণঅভ্যুত্থানে ফেনীর মহিপালে ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিতে নিহত ১১ শহীদের স্মরণে দোয়া মাহফিল ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে মহিপাল ফ্লাইওভারের নিচে স্বপ্ন যাত্রা যুব সংঘের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য মায়ন পাটোয়ারী ও ফজলুল করিম লিটন, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জুয়েল পাটোয়ারী এবং স্বপ্ন যাত্রা যুব সংঘের প্রধান সংগঠক ওমর ফারুক শুভসহ সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এমএস/
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির সভাপতি মো. হামিদুর রহমান।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় শহীদদের আত্মত্যাগ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে নিহত হৃদয় তরুয়ার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জুলাই শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এমএস/
দেশে প্রথমবারের মতো নৌযানের সমন্বিত জাতীয় তথ্যভান্ডার (ডেটাবেজ) তৈরির উদ্যোগের অংশ হিসেবে কুমিল্লার হোমনা, মেঘনা ও দাউদকান্দি উপজেলার সব ধরনের নৌযান নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে মঙ্গলবার সকালে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘নৌযান শুমারি-২০২৬’ বাস্তবায়ন বিষয়ে এক অবহিতকরণ সেমিনারের আয়োজন করে জেলা পরিসংখ্যান কার্যালয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ রোজী আক্তার বলেন, নৌখাতকে সুশৃঙ্খল ও তথ্যনির্ভর ব্যবস্থাপনার আওতায় আনতে নৌযান শুমারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নদীনির্ভর হোমনা, মেঘনা ও দাউদকান্দি উপজেলার চলাচলকারী সব ধরনের নৌযানের তথ্য সংগ্রহ করে পর্যায়ক্রমে সেগুলো নিবন্ধনের আওতায় আনা হবে।
তিনি বলেন, এর মাধ্যমে একটি নির্ভুল নৌযান ডেটাবেজ তৈরি হবে, যা নৌ-নিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনা প্রতিরোধ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে।
জেলা প্রশাসক আরও বলেন, এ ধরনের কার্যক্রম মাঠপর্যায়ে শুরু করার আগে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করলে সমন্বয় আরও কার্যকর হবে। এতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের অংশগ্রহণে শুমারি কার্যক্রম বাস্তবায়ন সহজ হবে।
সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান চৌধুরী, জেলা পুলিশের পুলিশ পরিদর্শক এজাজুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জে আই
পিরোজপুরের জিয়ানগরে পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এক প্রতিবন্ধী ব্যক্তিকে খাট থেকে টেনে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে। একই সঙ্গে ওই পরিবারের দাবি, এ বিরোধের জেরে এক যুগ আগে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে হত্যা মামলায় আসামি করা হয়েছিল, যার কারণে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়।
অভিযোগ অনুযায়ী, উপজেলার পাড়েরহাট ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের প্রতিবন্ধী শহিদুল হাওলাদার ও তার স্ত্রী মঞ্জু বেগম গত ৩০ জুলাই সকালে প্রতিপক্ষের হামলার শিকার হন। পরিবারের দাবি, বিরোধপূর্ণ জমিকে কেন্দ্র করে কয়েকজন তাদের ঘরে ঢুকে শহিদুল হাওলাদারকে খাট থেকে টেনে নামিয়ে মারধর করেন। হামলায় আহত হন তার স্ত্রীও। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় মঞ্জু বেগম ইন্দুরকানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান।
মঞ্জু বেগম অভিযোগ করেন, প্রতিপক্ষ তাদের গালিগালাজ করে, তার প্রতিবন্ধী স্বামীকে খাট থেকে নামিয়ে মারধর করে এবং তাকে প্রাণনাশের হুমকি দেয়। এছাড়া ঘরের বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
প্রতিবন্ধী শহিদুল হাওলাদার বলেন, তাদের কাছে জমির বৈধ কাগজপত্র রয়েছে এবং তারা হামলার শিকার হয়েছেন।
পরিবারটির দাবি, ১ একর ২১ শতাংশ পৈত্রিক জমি নিয়ে বিরোধের সূত্রপাত ২০১২ সালে। তাদের অভিযোগ, সে সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমির দখল নেওয়া হয়। এরপর বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও প্রতিকার পাননি।
পরিবারের সদস্য হাফিজুর রহমানের দাবি, ২০১৩ সালে বিরোধের জেরে শহিদুল হাওলাদারের ছেলে সোলাইমান হাওলাদার ও তার ভাই আব্দুর রহিম হাওলাদারকে একটি হত্যা মামলায় আসামি করা হয়।
সোলাইমান হাওলাদার বলেন, অষ্টম শ্রেণিতে পড়ার সময় মামলায় জড়িয়ে দীর্ঘদিন কারাভোগ করতে হয়। এতে তার লেখাপড়া বন্ধ হয়ে যায় এবং তিনি আর স্কুলে ফিরতে পারেননি। মামলাটি এখনো বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি।
তবে অভিযুক্ত আব্দুল কুদ্দুস হাওলাদার সব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, জমিটি তাদের পূর্বপুরুষের নামে সিএস রেকর্ডভুক্ত এবং তারা কোনো দখল বা হামলার সঙ্গে জড়িত নন।
এ বিষয়ে জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, উভয় পক্ষের পৃথক লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলোর মধ্যে অধিকাংশই দেওয়ানি প্রকৃতির হলেও কিছু বিষয় ফৌজদারি অপরাধের আওতায় পড়ে। সেসব বিষয় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/
লালমনিরহাটের পাটগ্রামে সালিশ বৈঠকের সিদ্ধান্তকে কেন্দ্র করে মারধরের শিকার এক যুবকের মৃত্যুর ঘটনায় হত্যার অভিযোগ তুলেছে তার পরিবার। তবে থানায় দায়ের হওয়া মামলাটি রেকর্ড হয়েছে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে, যা নিয়ে এলাকায় দেখা দিয়েছে ধোঁয়াশা।
নিহত ফিরোজ হোসেন (২৪) পাটগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রসুলগঞ্জ (বানিয়াপাড়া) এলাকার মৃত দিনার উদ্দিন দিনুর ছেলে।
পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে স্থানীয় একটি সালিশ বৈঠকে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ফিরোজকে জরিমানা করার সিদ্ধান্ত হয়। তিনি সেই সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে বৈঠক ছেড়ে চলে যান।
অভিযোগ রয়েছে, এর কিছুক্ষণ পর স্থানীয় সাবেক আওয়ামী লীগ নেতা শাহীন ইসলাম, তার ভাই ও পাটগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শামলু ইসলাম, শাহীনের ছেলে তুহিন ইসলামসহ কয়েকজন ফিরোজের বাড়িতে গিয়ে তাকে ঘর থেকে টেনে বের করে লাঠি ও লোহার রড দিয়ে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।
স্বজনরা তাকে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
ফিরোজের মরদেহ এলাকায় পৌঁছানোর পর ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী লালমনিরহাট–বুড়িমারী মহাসড়কের আন্তঃজেলা মোড়ে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ ও মানববন্ধন করেন। এ সময় তারা অভিযুক্তদের গ্রেপ্তার এবং হত্যা মামলা দায়েরের দাবি জানান। পরে পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।
নিহতের বড় ভাই ও মামলার বাদী ফেরদৌস ইসলাম বলেন, “আমার ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি হত্যা মামলা করতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ মামলা নেয়নি। পরে বাধ্য হয়ে অপমানের কারণে বিষপানের বিষয়টি উল্লেখ করলে অভিযোগ গ্রহণ করা হয়। আমি ভাই হত্যার সঠিক বিচার চাই।”
তবে সোমবার রাতে থানায় দায়ের হওয়া মামলায় উল্লেখ করা হয়, মারধরের ঘটনায় অপমানিত হয়ে ফিরোজ নিজ ঘরে কীটনাশক পান করেন। মামলাটি দণ্ডবিধির ৪৪৭, ৩২৩, ৩২৪, ৩০৭, ৩০৬, ৫০৬ ও ৩৪ ধারায় অনধিকার প্রবেশ, মারধর, গুরুতর জখম, আত্মহত্যার প্ররোচনা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে রেকর্ড করা হয়েছে।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা রেজাউল করিম বলেন, “পরিবার প্রথমে পিটিয়ে হত্যার অভিযোগ করেছিল। পরে কীভাবে আত্মহত্যার প্ররোচনার মামলা হলো, তা আমাদের কাছে স্পষ্ট নয়।”
ঘটনার পর থেকে অভিযুক্ত শাহীন ইসলাম, শামলু ইসলাম, তুহিন ইসলামসহ অন্যরা পলাতক থাকায় তাদের বক্তব্য জানা যায়নি।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, মামলার এজাহারে উল্লেখিত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্তে যার সম্পৃক্ততা পাওয়া যাবে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাদীর অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জে আই