ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

তাবলিগ জামাতের সদস্যের টাকা নিয়ে পালালেন আরেক সাথি

উপজেলা প্রতিনিধি | সাভার (ঢাকা) | প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ০২ আগস্ট ২০২৬

ঢাকার ধামরাইয়ে তাবলিগ জামাতে সফররত এক সদস্যের নগদ অর্থ ও মোবাইল ব্যাংকিং হিসাব থেকে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একই জামাতের রাজিব (২১) নামে আরেক সদস্যের বিরুদ্ধে।

এ ঘটনায় রোববার (২ আগস্ট) ধামরাই থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী জাহিদ হাসান। সেখানে অভিযুক্তের নাম রাজিব উল্লেখ করা হয়েছে। তার বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার শেখপুর গ্রামে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযোগকারী জাহিদ হাসান বলেন, অভিযুক্ত রাজিব নামের ওই ব্যক্তি তাদের সঙ্গে প্রথমে ৬০ দিনের সফরে সিরাজগঞ্জে ছিলেন। পরে ২০ দিনের সফরের জন্য তারা একসঙ্গে ধামরাইয়ে আসেন। শুক্রবার (৩১ জুলাই) তারা ধামরাইয়ে পৌঁছান। কয়েক দিন একসঙ্গে থাকার পর শনিবার সকালে কাউকে কিছু না জানিয়ে রাজিব চলে যান।

জাহিদ হাসান জানান, রাজিব চলে যাওয়ার সময় তার মোবাইল ফোনের সিম কার্ড সঙ্গে নিয়ে যান। ওই সিমের সঙ্গে মোবাইল ব্যাংকিং সেবা যুক্ত ছিল। পরে তিনি সাভারের একটি কাস্টমার কেয়ার থেকে সিমটি রিপ্লেসমেন্ট করেন। এরপর ’নগদ’ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে প্রবেশ করে দেখেন, তার হিসাব থেকে দুই হাজার ৯৫০ টাকা ‘সেন্ড মানি’ করে রাজিবের নম্বরে পাঠানো হয়েছে। পরে একই নম্বরে ৪৫ টাকা মোবাইল রিচার্জও করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভুক্তভোগীর দাবি, তার নগদ অ্যাকাউন্টে আগে প্রায় তিন হাজার টাকা ছিল। অ্যাকাউন্টে প্রবেশ করে তিনি মাত্র ৩ টাকা পান। লেনদেনের ইতিহাসে শনিবার বিকেলে টাকা স্থানান্তরের তথ্য দেখতে পান। এছাড়া তার ব্যাগে থাকা ১০ হাজার ৪০০ টাকাও নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে ধামরাই থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

মাহফুজুর রহমান নিপু/এসআর/এএসএম

বিজ্ঞাপন

পরবর্তী খবর

গ্রাহকের টাকা আত্মসাৎ

পোস্টমাস্টারসহ সাতজনের বিরুদ্ধে ডাক বিভাগের মামলা

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৭:২৪ পিএম, ০২ আগস্ট ২০২৬

রাজবাড়ী জেলার প্রধান ডাকঘরে গ্রাহকদের আমানতের প্রায় এক কো‌টি টাকা আত্মসাতের অভিযোগে তৎকালীন পোস্টমাস্টারসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে ডাক বিভাগ।

রোববার (২ আগস্ট) কুষ্টিয়া ডাক বিভাগের পোস্ট অফিস পরিদর্শক (প্রশাসন) মো. শহিদুল ইসলাম বাদী হয়ে রাজবাড়ীর সিনিয়র বিশেষ জজ আদালতে মামলাটি করেন।

বিষয়‌টি নিশ্চিত করেন মামলার আইনজীবী বিজন কুমার বোস।

মামলার আসামিরা হলেন, তৎকালীন পোস্টমাস্টার বিকাশ চন্দ্র, লেটার রাইটার শিহাব মৃধা, পিএলআই এজেন্ট মাহবুব হাসান মৃধা, অফিস সহায়ক রেজাউল আলম, তৎকালীন ট্রেজারার নাজমুল হাসান, পোস্টাল অপারেটর গোলাম মোস্তফা বাচ্চু ও প্রণব কুমার সরকার।

মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত রাজবাড়ী প্রধান ডাকঘরে এই টাকা আত্মসাতের ঘটনা ঘটে। সঞ্চয় ব্যাংকের টাকা জমার জন্য নির্ধারিত ফরম ও কর্মকর্তা থাকা সত্ত্বেও ২ নম্বর আসামি লেটার রাইটার শিহাব মৃধা বেআইনিভাবে জমা স্লিপের মাধ্যমে গ্রাহকদের আমানত গ্রহণ করতেন। এতে তাকে সরাসরি সহায়তা করতেন তার সহোদর মাহবুব হাসান মৃধা ও অফিস সহায়ক মামা রেজাউল আলমসহ অন্য আসামিরা। গ্রাহকরা পাসবই বা হিসাব নম্বরের বিষয়ে পোস্টমাস্টার বিকাশ চন্দ্রের কাছে অভিযোগ করলেও তিনি কোনো ব্যবস্থা নেননি।

পরে নতুন পোস্টমাস্টার শামীম আহমেদ দায়িত্বে এসে জালিয়াতি টের পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে বিভাগীয় তদন্তে উঠে আসে, লেটার রাইটার শিহাব মৃধা ৭৪ জন গ্রাহকের কাছ থেকে মোট এক কোটি ১২ লাখ ৩০ হাজার টাকা তুলে ডাকঘরের ট্রেজারিতে জমা না দিয়ে আত্মসাৎ করেন। প‌রে অবশ্য তিনি ১৩ জন গ্রাহককে ২০ লাখ ৭৫ হাজার টাকা ফেরত দিলেও, বর্তমানে ৬১ জন গ্রাহকের ৯১ লাখ ৫৫ হাজার টাকা নিয়ে পলাতক। টাকা আত্মসাতের ঘটনা জানাজানির পর থেকেই অভিযুক্ত শিহাব মৃধা আত্মগোপনে।

এদিকে খোয়া যাওয়া টাকা ফেরত ও জড়িতদের গ্রেফতারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ করেন ভুক্তভোগী গ্রাহকরা।

এর আগে ৩০ জুলাই (বৃহস্পতিবার) ভুক্তভোগীদের পক্ষে নাছরিন আক্তার বাদী হয়ে একটি মামলা করেন। যার পরিপ্রেক্ষি‌তে রাজবাড়ীর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বিষয়টি আমলে নিয়ে অভিযুক্ত তৎকালীন পোস্টমাস্টার বিকাশ চন্দ্রসহ ১৩ জনের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন।

ডাক বিভাগের দায়ের করা নতুন এই মামলার আইনজীবী বিজন কুমার বোস বলেন, আদালতে অভিযোগ দাখিল করা হয়েছে, তবে এখনো কোনো আদেশ হয়নি।

রু‌বেলুর রহমান/এসজেডএইচ/এএসএম

পরবর্তী খবর

জেলের জালে ধরা পড়লো ৬ ফুটের অজগর

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৭:২১ পিএম, ০২ আগস্ট ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাইকেরছড়া বিল থেকে প্রায় ছয় ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া বিলে মাছ ধরার সময় জেলেদের জালে অজগরটি ধরা পড়ে। পরে তারা ভূরুঙ্গামারী থানা পুলিশকে জানান।

খবর পেয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ঘটনাস্থলে গিয়ে জালে আটকে থাকা অজগরটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলীর সহায়তায় সাপটি কুড়িগ্রাম বন বিভাগের কার্যালয়ে পাঠানো হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া অজগরটি সুস্থ রয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হবে।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ‌‘কয়েক দিন আগে দুধকুমার নদ দিয়ে উজানের বন্যার পানি নেমে এসেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারতের আসাম সীমান্তবর্তী কোনো বনাঞ্চল থেকে বন্যার স্রোতে ভেসে এসে অজগরটি পাইকেরছড়া এলাকার বিলে জেলেদের জালে আটকা পড়ে। খবর পেয়ে সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।’

কুড়িগ্রাম সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, ‘অজগরটি আপাতত আমাদের অফিসে রাখা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে রংপুর বিভাগীয় অফিসে হস্তান্তর করা হবে।’

রোকনুজ্জামান মানু/এসআর/এএসএম

পরবর্তী খবর

বাগেরহাটে ৪ সরকারি কৌঁসুলির পদত্যাগ

জেলা প্রতিনিধি | বাগেরহাট | প্রকাশিত: ০৭:১৩ পিএম, ০২ আগস্ট ২০২৬

বাগেরহাটে জেলা জজ আদালতের চার সরকারি কৌঁসুলি একযোগে পদত্যাগ করেছেন।

রোববার (২ আগস্ট) দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারী আইনজীবীরা হলেন জেলা জজ আদালতের এপিপি মোস্তাইন বিল্লাহ, রফিকুল ইসলাম স্বপন এবং এজিপি কুতুব উদ্দিন ও মো. মহিবুল্লাহ।

এ বিষয়ে আইনজীবী মোস্তাইন বিল্লাহ বলেন, ‘ব্যক্তিগত চেম্বার পরিচালনার পরে সরকারি দায়িত্ব পালন করা আসলে কষ্টসাধ্য। তাই পদত্যাগ করেছি।’

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, পদত্যাগপত্র হাতে পেয়েছি। এ বিষয়ে বিধিমালা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নাহিদ ফরাজী/এসআর/এএসএম

পরবর্তী খবর

নারী ইস্যুতে বহিষ্কার হলেন জামায়াত নেতা

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ০২ আগস্ট ২০২৬

সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কাজে সম্পৃক্ত থাকায় বগুড়ার ধুনট উপজেলার জামায়াত নেতা মোশাররফ হোসেন বহিষ্কার হয়েছেন।

শনিবার (১ আগস্ট) রাতে জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার প্রচার সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়। মোশাররফ উপজেলার নিমগাছি ইউনিয়নের ৬ ওয়ার্ডের ইউপি সদস্য ও জয়সিং গ্রামের খলিলুর রহমানের ছেলে।

বিবৃতিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার কথা বলা হলেও উল্লেখ নেই সুনির্দিষ্ট কারণ। ৩০ জুলাই জামায়াতের বগুড়া জেলা কর্মপরিষদ বৈঠকের সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার (২ আগস্ট) কি কারণে দল এমন সিদ্ধান্ত নিলো তা জানতে চাইলে মন্তব্য করতে রাজি হননি মোশাররফ। তবে স্থানীয় সূত্র জানায়, তার বিরুদ্ধে এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। পরে সেই নারীকে তিনি বিয়ে করার চেষ্টা করেন।

জেলা জামায়াতের প্রচার সম্পাদক নূর মোহাম্মদ বলেন, তিনি এক নারীকে বিয়ে করতে চান। কিন্তু তার বিষয়টি দলীয় শৃঙ্খলার সঙ্গে যায় না বলে সংগঠনের মনে হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করলে সত্যতা পাওয়া যায়। তাই সংগঠন এ সিদ্ধান্ত নিয়েছে।

এএইচ/এএসএম

পরবর্তী খবর

পরিবেশ দূষণের দায়ে চার কারখানাকে জরিমানা

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৬:৫১ পিএম, ০২ আগস্ট ২০২৬

পরিবেশ দূষণের দায়ে সিরাজগঞ্জের বেলকুচিতে চার ডায়িং কারখানা মালিককে নয় হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ভবিষ্যতে পরিবেশ ও তরল বর্জ্য দূষণ না করার জন্য তাদেরকে সতর্ক করা হয়।

রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার তামাই ও চালা অফিসপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান।

জরিমানাকৃত কারখানাগুলো হলো- তামাই এলাকার হাজী গোলাম হোসেন ডাইয়িং, চালা অফিসপাড়া এলাকায় চৌধুরী প্রসেস মিল, ইভান অ্যান্ড পারিশা প্রসেস মিল ও একতা ডাইয়িং।

সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম জাগো নিউজকে বলেন, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী চারটি ডাইয়িং কারখানা মালিককে অর্থদণ্ড ও ভবিষ্যতে পরিবেশ দূষণ সংক্রান্ত কার্যক্রমে সতর্ক করা হয়েছে।

এম এ মালেক/এসজেডএইচ/এএসএম

News Hub
Icon
দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল