ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জোর করে মেয়েকে তুলে নিয়ে বিয়ে, অপমানে বাবার আত্মহত্যা প্ররোচনার মামলার দুই নম্বর আসামী বিএনপি নেতা ফরহাদ ওরফে কোম্পানী (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১১জুলাই) রাতে দিনাজপুর র্যাব ১৩ এর সহযোগিতায় বালিয়াডাঙ্গী থানা পুলিশ তাকে ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া বিএনপি নেতা ফরহাদ হোসেন দুওসুও ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক ও একই ইউনিয়নের মহিষমারী গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
রবিবার দুপুরে তাকে ঠাকুরগাঁও আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম।
পুলিশ জানায়, বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের মহিষমারী গ্রামের ব্যবসায়ী আবুল কাসেমের ৮ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে জোর করে তুলে নিয়ে বিয়ে করে করেন বিএনপি নেতা ফরহাদ আলীর ভাই সাইফুল ইসলাম। পরে বিষয়টি ব্যবসায়ী জানতে পারলে তিনি মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ ঘটনা জানতে পেরে সাইফুল ইসলাম ও তার ভাই বিএনপি নেতা ফরহাদ আলী গত ০১ জুলাই ওই ব্যবসায়ীকে বাড়ীর বাইরে তুলে এনে শতাধিক লোকের সামনে মারধর করে এলাকা ছাড়া করেন। চারদিন এলাকার বাইরে থাকার পর গত ০৫ জুলাই সকাল ১১টায় সামাজিক চাপ ও অপমান সহ্য করতে না পেরে নিজ বাড়ীতে আত্মহত্যা করে ব্যবসায়ী আবুল কাসেম।
এ ঘটনায় গত ০৫ জুলাই বালিয়াডাঙ্গী থানায় সাইফুল ইসলামকে প্রধান আসামী, তার ভাই বিএনপি নেতা ফরহাদ আলীকে ২নং আসামীসহ মোট ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ব্যবসায়ীর স্ত্রী লাবনী আক্তার।
মামলার তদন্তকারী কর্মকর্তা বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক আবু বক্কর সিদ্দিক বলেন, বাকী আসামীদের ধরতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এসআর