হাসপাতালে সাপে কাটা নারীর মৃত্যু, চিকিৎসককে শ্রমিকদল নেতার মারধর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৭:০৮ পিএম, ০৭ জুলাই ২০২৬

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত এক চিকিৎসকের ওপর হামলার অভিযোগ উঠেছে শ্রমিকদল নেতার বিরুদ্ধে।

সাপে কাটা এক নারীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

চিকিৎসক ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বালিজুড়ি ইউনিয়নের তারতাপাড়া গ্রামের রমিছা বেগম (৫৫) সাপের দংশনে অসুস্থ হয়ে সোমবার (৬ জুলাই) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের স্বজনদের অভিযোগ, সময়মতো সাপের বিষের প্রতিষেধক (অ্যান্টিভেনম) না দেওয়ায় তার মৃত্যু হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে নিহতের স্বজনরা হাসপাতালে এসে কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আসাদুজ্জামানের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে উপজেলার বালিজুড়ি ইউনিয়ন শ্রমিকদলের আহ্বায়ক ও নিহতের ছোট ভাই শরীফ উদ্দিন চিকিৎসকের ওপর শারীরিক হামলা চালান। চিকিৎসককে রক্ষা করতে এগিয়ে এলে হাসপাতালের কয়েকজন কর্মচারীও হামলার শিকার হন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‌‘রোগীর মৃত্যুর বিষয়ে এখন পর্যন্ত কেউ আমার কাছে লিখিত অভিযোগ করেননি। তবে ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় বলেন, ‘কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। তবে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

হৃদয় আহম্মেদ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।