• ই-পেপার

দুই হাজার শিল্পী নিগৃহীত

নওশাদ জামিল
দুই হাজার শিল্পী নিগৃহীত

দুই হাজার শিল্পী নিগৃহীততিন ব্যক্তি একজন বয়োজ্যেষ্ঠ বাউলশিল্পীকে জোর করে ধরে তাঁর চুল-দাড়ি কেটে দিচ্ছেন। শরীরের সমস্ত শক্তি দিয়ে লোকগুলোর হাত থেকে ছোটার চেষ্টা করেও ব্যর্থ হন বাউলশিল্পী।

শেষ পর্যন্ত অসহায় কণ্ঠে শুধু বলেন, ‘আল্লাহ, তুই দেহিস।’

২০২৫ সালে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এই বাউলশিল্পীর নাম হালিম উদ্দিন আকন্দ (৭০)। উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা তিনি।

হজরত শাহজালাল (রহ.) ও শাহ পরান (রহ.)-এর ভক্ত এই বাউল। একসময় তিনি কৃষি কাজ করতেন; পরে মাজারে মাজারে থাকতেন আর মনের আনন্দে গান গাইতেন। একদিন তারাকান্দার কাশিগঞ্জ বাজারে হঠাৎ করেই তাঁকে জাপটে ধরে মেশিন দিয়ে তাঁর মাথার জট ও দাড়ি কেটে দেওয়া হচ্ছে—এ রকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

দুই হাজার শিল্পী নিগৃহীত

ঢাকা : ২০২৫ সালের ৫ মে গুলশানে ভাস্কর রাসাকে রিকশা থেকে নামিয়ে গালাগাল ও হেনস্তা করা হয়

 

নোবেল শান্তি পুরস্কারজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের দেড় বছরের শাসনামলে দেশের বিভিন্ন স্থানে শিল্প-সংস্কৃতি অঙ্গনের মানুষজনের বাসা, সংগঠন ও কর্মস্থলে ধারাবাহিকভাবে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার কথা জানা গেছে কালের কণ্ঠের অনুসন্ধানে।

মাঠ পর্যায়ের তথ্য, ভুক্তভোগীদের সাক্ষ্য ও সংশ্লিষ্ট সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই দেড় বছরে শিল্প-সংস্কৃতি অঙ্গনের দুই হাজারের বেশি মানুষ মব সহিংসতা, হামলা, মামলা, হুমকি ও হয়রানির শিকার হয়েছেন। জোর করে চাকরিচ্যুতির ঘটনাও ঘটেছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন কবি-সাহিত্যিক-লেখক, নাট্যকর্মী, চলচ্চিত্রকর্মী, অভিনেতা-অভিনেত্রী, আবৃত্তিশিল্পী, চারুশিল্পী, নৃত্যশিল্পী ইত্যাদি অঙ্গনের মানুষ। দেশের নানা প্রান্তে যাত্রা, বাউল, সুফি, পালাগান, গ্রাম থিয়েটারসহ লোকজ সংস্কৃতির সঙ্গে যুক্ত শিল্পী, কলাকুশলী ও সংগঠকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে। তাঁদের অনেকেই নিরাপত্তাহীনতায় কাজ বন্ধ রেখেছেন, কেউ কেউ এলাকা ছেড়েছেন, আবার কেউ নেশা-পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন।

বাউল, ফকির, সুফিদের ওপর হামলা ও অনুষ্ঠানে বাধা দেওয়ার ঘটনা দেশের অধিকাংশ জেলায়ই পাওয়া গেছে। বাংলাদেশ বাউল সমিতি ও বাংলাদেশ সুফি জাগরণ পরিষদ সূত্রে জানা গেছে, সারা দেশে দুই হাজারের কাছাকাছি পালাকার, বয়াতি, বাউলশিল্পী ও সংগঠক হামলা, অনুষ্ঠানে বাধার শিকার হয়েছেন। অনেক বাউলশিল্পী ও সংগঠকের নামে হত্যা বা হত্যাচেষ্টার মামলাও হয়েছে।

বাংলাদেশ বাউল সমিতির মহাসচিব ও সংগঠক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি নিজেও মবের শিকার হয়েছি। মব করে দখল করা হয়েছে আমাদের বাউল সমিতির অফিস।’ তিনি আরো বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের শাসনামলে দেশের বাউলশিল্পীরা তেমন কোনো অনুষ্ঠান করতে পারেননি। অল্প কিছু অনুষ্ঠান হলেও হামলা ও ভয়ভীতি দেখিয়ে বন্ধ করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্টের পর কিভাবে দেশের শিল্প-সংস্কৃতি বাধার মুখে পড়েছে, জাতীয় সংসদে বীর মুক্তিযোদ্ধা এমপি ফজলুর রহমানের বক্তব্যে তা অনেকটা স্পষ্ট হয়েছে। গত ২৮ এপ্রিল জাতীয় সংসদে তিনি বলেছেন, ‘৫ আগস্টের পর কী হলো—আপনারা জানেন। এখানে ইউনূস সরকার ছিল। আমি শিল্পকলা একাডেমির সামনে থাকি। একটা গান হইতে পারে নাই, একটা নাটক হইতে পারে নাই, একটা লালনের গীতি হইতে পারে নাই, একটা বাউল গান হইতে পারে নাই—সবকিছু কালো শক্তি ধ্বংস করে দিয়েছিল।’

ক্ষমতায় থাকাকালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কখনোই মব ঠেকাতে নিজেদের ব্যর্থতা মেনে নেননি। তবে গত ৫ এপ্রিল বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল স্বীকার করে নিয়েছেন, ‘মব ঠেকানোর ক্ষেত্রে দৃঢ়তা দেখাতে আমরা ব্যর্থ হয়েছি।’

দুই হাজার শিল্পী নিগৃহীত

মানিকগঞ্জ : ২০২৫ সালের ২৩ নভেম্বর বাউলদের শান্তিপূর্ণ সমাবেশে আক্রমণ করে ‘তৌহিদি জনতা’

 

লোকশিল্পীদের ওপর হামলা, অনুষ্ঠানে বাধা

২০২৫ সালের ২৩ নভেম্বর মানিকগঞ্জে বাউলদের শান্তিপূর্ণ সমাবেশে তৌহিদি জনতার ব্যানারে আক্রমণ করা হয়। সেখানে ১০ জন বাউলশিল্পীকে বেদম পেটানো হয়। মারাত্মকভাবে আহত হন বাউলশিল্পী আবদুল আলীম, আরিফুল ইসলাম, জহিরুল ইসলাম প্রমুখ।

দুই হাজার শিল্পী নিগৃহীত

ঠাকুরগাঁও : ২০২৫ সালের ২৬ নভেম্বর শহরের চৌরাস্তা মোড়ে বাউলশিল্পীদের ওপর হামলা ও মারধর

২০২৫ সালের ২৬ নভেম্বর ‘সম্প্রীতির ঐক্য, ঠাকুরগাঁও’ ব্যানারে শহরের চৌরাস্তা মোড়ে বাউলশিল্পীদের প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা ছিল। সেখানে প্রকাশ্যে বাউলরা মারধর ও হামলার শিকার হন।

বাউলশিল্পী ও সংগঠক রাজু সরকার বলেন, ইউনূসের আমলে সারা দেশে বাউল-ফকিররা অপদস্থ, হেনস্তার শিকার হয়েছেন। এ সময় তাঁরা তেমন কোনো অনুষ্ঠানেও যেতে পারেননি, গান গাইতে পারেননি। সারা দেশেই বাউলশিল্পীরা ভয় ও আতঙ্কে ছিলেন।

বাউল ও পালাশিল্পীদের একটি বড় অংশ মাজার ঘরানার। তাঁরা মাজারে ওরস বা মাহফিলে গান করেন, বিভিন্ন মেলা-পার্বণে অংশ নেন। ইউনূসের শাসনামলে দেশের শতাধিক মাজারে ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। এ সময় অনেক জায়গায় হামলার শিকার হন বাউলশিল্পীরাও।

লোকসংস্কৃতি গবেষক আমিনুর রহমান সুলতান কালের কণ্ঠকে বলেন, ‘বাউল, পালাগান, লালনের গান, মাজারকেন্দ্রিক আধ্যাত্মিকতার চর্চা আমাদের সমাজের বৈচিত্র্য, মানবিকতা, সহিষ্ণুতা ও সমন্বয়ের ধারাকে বহন করে। দুঃখের বিষয়, অন্তর্বর্তী সরকারের সময় সংস্কৃতির এই গুরুত্বপূর্ণ ধারাটি নানাভাবে আক্রান্ত হয়।’

 

মঞ্চনাটক, গ্রাম থিয়েটারকর্মীরা আক্রান্ত

স্বাধীনতার পর আধুনিক নাট্য-আন্দোলনে তিনি ছিলেন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তাঁর প্রতিষ্ঠিত ‘ঢাকা থিয়েটার’ উপহার দিয়েছে কালজয়ী নাটক ও অনেক শিল্পী-কলাকুশলী। চলচ্চিত্র নির্মাণেও রেখেছেন অবদান, যা দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। পেয়েছেন একুশে পদক, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হিসেবে জাতীয় পুরস্কারসহ অনেক পদক ও সম্মাননা। এই গুণী মানুষটির নাম নাসির উদ্দীন ইউসুফ। এই বীর মুক্তিযোদ্ধাকেও আসামি করা হয়েছে হত্যা মামলার।

নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘আমার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করা হয়েছে। যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার ওপর আমি নাকি গুলি চালিয়েছি, মানুষ হত্যা করেছি! অসাম্প্রদায়িক সংস্কৃতি চর্চাকে ব্যাহত করার উদ্দেশ্যেই মামলায় আমার নাম দেওয়া হয়েছে বলে মনে করি।’

দেশের মঞ্চনাটকের ইতিহাসে আরেক কিংবদন্তি ব্যক্তিত্ব, নাট্যকার, নির্দেশক, সংগঠক মামুনুর রশীদও হেনস্তার শিকার হন। ২০২৪ সালের ৮ নভেম্বর শিল্পকলা একাডেমির নাট্যশালার সামনে গ্রুপ থিয়েটার ফেডারেশনের এক অনুষ্ঠানে হামলা করে দুর্বৃত্তরা। বিকেল ৪টার পর সমাবেশে মামুনুর রশীদের বক্তব্যের সময় কিছু লোক ডিম ছুড়ে মারে, নাট্যকর্মীদের ওপর হামলে পড়ে। পরে শিল্পকলা একাডেমিতে মামুনুর রশীদকে নাটকে অভিনয় না করার অনুরোধ করেন সাবেক মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ।

মামুনুর রশীদ বলেন, ‘শিল্পকলার সাবেক ডিজি ব্যক্তিগতভাবে বিষয়টি আমাকে জানিয়েছেন, আমি যাতে শিল্পকলায় অভিনয় না করি। কারণ হিসেবে তিনি ছাত্র আন্দোলনের সময় দেওয়া ২৪ জন বিশিষ্টজনের একটি বিবৃতির কথা জানান। রাজাকার স্লোগান নিয়ে ২৪ জন বিশিষ্টজন বিবৃতি দিয়েছিলেন, সেখানে আমার নাম ছিল। তিনি প্রশ্ন তোলেন, ‘ওই বিবৃতিতে কী অপরাধ আছে? অন্তর্বর্তী সরকারের শাসনামলে একটি মহল বিভিন্নভাবে চষ্টা করেছিল দেশে শিল্প-সাহিত্য-সংস্কৃতিচর্চা বন্ধ হয়ে যাক।’

পঞ্চগড়ের দেবীগঞ্জ থিয়েটারের সভাপতির বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। জয়পুরহাটের পাঁচবিবি থিয়েটারের সভাপতি ও সংগঠক হাবিবুর রহমান হাবিবের বাড়ি, জামালপুরের মেলান্দহে শহীদ সমর থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি ও নাট্যকার আসাদুল্লাহ ফারাজীর বাড়িও ভাঙচুর করা হয়। তাঁদের নামে একাধিক মামলাও করা হয়। দীর্ঘদিন কারাভোগ করে বর্তমানে জামিনে আছেন গ্রাম থিয়েটারের অন্যতম এই দুই সংগঠক।

 

রুপালি পর্দার তারকারাও আক্রান্ত

চলচ্চিত্রে জনপ্রিয় মুখ নুসরাত ফারিয়া। বাংলাদেশ ও ভারতে একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। পেয়েছেন খ্যাতি ও ব্যাপক পরিচিতি। শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া। আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যা মামলার আসামি করা হয় এই অভিনেত্রীকে। ২০২৫ সালের ১৮ মে গ্রেপ্তার হন ফারিয়া। তাঁকে ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তিনি জামিনে মুক্তি পান।

দুই হাজার শিল্পী নিগৃহীত

 

ঢাকা : ২০২৫ সালের ২৯ এপ্রিল অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে কাকরাইলে মারধর ও লাঞ্ছিত করা হয়

 

টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে পরিচিত মুখ কমেডি অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ২০২৫ সালের ২৯ এপ্রিল বিকেলে কাকরাইল এলাকায় মারধর ও লাঞ্ছিত করা হয়। সংগৃহীত ভিডিওতে দেখা যায়, জামাকাপড় ছেঁড়া অবস্থায় তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে একদল যুবক। কেউ একজন তাঁর গায়ে হাত তুলছিল। জামাকাপড় ছেঁড়া অবস্থায় রাস্তায় হাঁটিয়ে নিয়ে সিদ্দিককে সেদিন রমনা থানা-পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে গুলশান থানায় জুলাই আন্দোলনে ছাত্র হত্যাচেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। ১১ মাস কারাভোগ করে সমপ্রতি জামিনে মুক্তি পেয়েছেন এই অভিনেতা।

২০২৪ সালের ৫ আগস্টের পর শতাধিক চলচ্চিত্র অভিনেতা-অভিনেত্রী, প্রযোজক, পরিচালকের বিরুদ্ধে মামলা হয়। হত্যা বা হত্যাচেষ্টার মামলা হওয়ায় তাঁদের অনেকেই এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। ফেরদৌস আহমেদ, রিয়াজ, চঞ্চল চৌধুরী, শমী কায়সার, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, শামীমা তুষ্টি, সৈয়দা কামরুন নাহার শাহনূর, উর্মিলা শ্রাবন্তী কর, সোহানা সাবা, তানভীন সুইটি, মেহের আফরোজ শাওন, জাকিয়া মুন, জ্যোতিকা জ্যোতি, সুবর্ণা মুস্তাফা, আজিজুল হাকিম, আশনা হাবিব ভাবনা, সায়মন সাদিক, জায়েদ খান, রোকেয়া প্রাচী, তারিন জাহান, অরুণা বিশ্বাস, ইরেশ যাকের, সাজু খাদেম প্রমুখের বিরুদ্ধে মামলা হয় ওই সময়।

তবে এঁদের অনেকের কর্মকাণ্ডই শেখ হাসিনা ও আওয়ামী লীগকে স্বৈরাচারী হয়ে ওঠার ইন্ধন জুগিয়েছে বলে অভিযোগ ছিল।

 

চারুকলা শিল্পীদের হেনস্তা

২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এক অনুষ্ঠানে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন প্রখ্যাত শিল্পী ও ‘টোকাই’ চরিত্রের স্রষ্টা রফিকুন নবী। সেদিন অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী-২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। দুপুরে অনুষদে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, তাঁদের শিল্পকর্ম ঘুরে দেখেন এবং অভিজ্ঞতা বিনিময় করেন রফিকুন নবী। তবে পরে আয়োজকদের পক্ষ থেকে তাঁকে অনুষ্ঠানস্থল ত্যাগ করার অনুরোধ জানানো হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, তাঁর ওপর মব হামলার আশঙ্কা তৈরি হওয়ায় আয়োজকরা নিরাপত্তার কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেন। ঘটনাটি চারুকলা অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

একই বছরের ৫ মে রাজধানীর গুলশানে হেনস্তার শিকার হন ভাস্কর রাসা। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

ভিডিওতে দেখা যায়, এক যুবক রিকশা থামিয়ে ভাস্কর রাসাকে উদ্দেশ করে বলেন, ‘আপনার নামে মামলা হয় নাই? আপনি কই যান? গুলশান থানায় চলেন।’ এ সময় তাঁকে অকথ্য ভাষায় গালাগালও করা হয়। এক পর্যায়ে পেছন থেকে ধাক্কা ও লাঞ্ছনার ঘটনাও ঘটে।

দুই হাজার শিল্পী নিগৃহীত

 

তারাকান্দা : ২০২৫ সালে ময়মনসিংহের তারাকান্দায় বাউলশিল্পী হালিম উদ্দিন আকন্দের মাথার চুল ও দাড়ি কর্তন 

 

সূত্র জানায়, সেদিন সন্ধ্যায় ভাস্কর রাসা রিকশায় করে গুলশানের সাজু আর্ট গ্যালারিতে যাচ্ছিলেন। গুলশান-১ ও গুলশান-২-এর মাঝামাঝি এলাকায় এক যুবক তারা রিকশা থামিয়ে তর্কে জড়ান। পরে আরো দুই-তিনজন সেখানে জড়ো হয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে ভাস্কর রাসা দ্রুত রাস্তা পার হয়ে সেখান থেকে সরে যান। তখন পেছন থেকে তাঁকে আঘাত করা হয় বলেও জানা গেছে।

 

সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতারাও আক্রান্ত

দেশের সংস্কৃতি অঙ্গনের প্রায় দেড় শ সংগঠনের প্ল্যাটফর্ম ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’। অনুসন্ধানে জানা গেছে, এই জোটের অধিকাংশ নেতাকর্মীর বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যা কিংবা হত্যাচষ্টোর মামলা রয়েছে। অনেকে ব্যক্তিগতভাবে মব হামলার শিকার হয়েছেন। জোটের সভাপতি গোলাম কুদ্দুছ অনেক দিন ধরেই আত্মগোপনে আছেন। সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ মব আক্রমণ ও মামলা থেকে রক্ষা পেতে বিদেশে আশ্রয় নিয়েছেন।

হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আবৃত্তিশিল্পী ও জোটের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ কালের কণ্ঠকে বলেন, ‘ইউনূস আমল দেশের শিল্প-সংস্কৃতির জন্য অন্ধকার যুগ ছিল। সাংস্কৃতিক কর্মী ও সংগঠকদের বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। মামলা ও হামলার শিকার হয়েছেন অনেকেই। আমার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। মব আক্রমণ ও হত্যার হুমকি পেয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছি।’

মুক্তধারা আবৃত্তি চর্চাকেন্দ্রের সাধারণ সম্পাদক ও আবৃত্তিশিল্পী মহিউদ্দিন শামীম কালের কণ্ঠকে জানান, সারা দেশে আবৃত্তিশিল্পীরাও হামলা ও মামলার শিকার হয়েছেন। আবৃত্তিশিল্পী আহসান উল্লাহ, মনির হোসেন, শামীম আরা রত্না, ইমদাদ হোসেন কৈশোর, মাহবুবুর রহমান মাহফুজ, শামসু মিঠু, জালাল উদ্দিন হিরা, বশির দুলাল প্রমুখের নামা মামলা হয়েছে।

দুই হাজার শিল্পী নিগৃহীত

ঢাকা : ২০২৪ সালের ১৯ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে মারধরের শিকার হন কবি ও সাংবাদিক সৌমিত্র দেব

 

কথাশিল্পীরাও হামলা-মামলার শিকার

অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের কিছুদিন পরই ৭ মার্চ ও ১৫ আগস্ট সরকারি ছুটি বাতিল করে। এ সিদ্ধান্তের প্রতিবাদে ২০২৪ সালের ১৯ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন মানববন্ধন আয়োজন করে। সেখানে অংশ নিয়েছিলেন প্রায় অর্ধশত কবি-সাহিত্যিক ও লিটলম্যাগ কর্মী। সেদিন দুপুর সাড়ে ১২টার দিকে তাঁদের ওপর আক্রমণ চালায় কয়েক শ মানুষ। দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা দিয়ে তাঁদের প্রায় সবাইকে বেদম প্রহার করা হয়।

কালের কণ্ঠ সংগৃহীত ভিডিও ফুটেজে দেখা যায়, সেদিন প্রেস ক্লাবের সামনে হামলায় গুরুতর আহত হন কবি ও সাংবাদিক সৌমিত্র দেব। তাঁকে রাস্তায় ফেলে নির্মমভাবে পেটানো হয়। এ ঘটনায় তিনি মারাত্মকভাবে শারীরিক ও মানসিক আঘাত পান। চিকিৎসা নেন কয়েকটি হাসপাতালে, তবে পুরোপুরি সুস্থ হতে পারেননি। মাস ছয় পরে ২০২৫ সালের ১৫ এপ্রিল অসুস্থ অবস্থায় মারা যান এই কবি ও সাংবাদিক।

সেদিন হামলায় গুরুতর আহত হয়েছিলেন সংগঠনটির মুখপাত্র কবি কুতুব হিলালী। কালের কণ্ঠকে তিনি বলেন, “সেদিন আমাদের ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে নির্মমভাবে পেটানো হয়। আমরা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গেই যুক্ত না। আমরা সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা একটি সাংস্কৃতিক সংগঠন। মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনার ওপর আঘাতের প্রতিবাদে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করতে গিয়েছিলাম।”

কবি ও প্রাবন্ধিক হিসেবে সুপরিচিত সোহেল হাসান গালিব। পেশায় তিনি বিসিএস (শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা ও একটি সরকারি কলেজের অধ্যাপক। প্রকাশিত একটি বই ও কবিতায় ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে ২০২৫ সালে মামলা করা হয়। প্রাণনাশের হুমকি দেওয়া হয়। মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেও এখনো কাজে যোগদান করতে পারেননি।

চারুলিপি প্রকাশনের প্রধান প্রকাশক হুমায়ুন কবীরকে ২০২৫ সালের ১ অক্টোবর গ্রেপ্তার করা হয়। কালের কণ্ঠকে হুমায়ুন কবীর বলেন, ‘আমার বিরুদ্ধে কোথাও কোনো মামলা ছিল না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছবি থাকা এবং তাঁর বই প্রকাশ করার কারণে আমাকে গ্রেপ্তার করা হয়। ৭১ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছি।’

এ ছাড়া কবি কামাল চৌধুরী, কবি মোহাম্মদ সাদিক, কবি তারিক সুজাত, লেখক রাখাল রাহা, প্রকাশক ওসমান গনি, প্রকাশক আফজাল হোসেন প্রমুখের নামে মামলা হয়েছে।

ড. মুহাম্মদ ইউনূসের শাসনামলে রবীন্দ্রনাথ ঠাকুর, বেগম রোকেয়াসহ অনেক কবি-সাহিত্যিকের স্মৃতিচিহ্ন, ভাস্কর্য, ম্যুরাল, গ্রাফিতি অবমাননা ও ভাঙচুর করা হয়।

কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার দাবি ও পরে এক দফার সরকারবিরোধী গণ-আন্দোলনে সক্রিয় ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও ব্যান্ড জলের গান-এর প্রধান রাহুল আনন্দ। তবু এই শিল্পী রক্ষা পাননি মব সহিংসতা থেকে। হাসিনা সরকারের পতনের দিনই রাহুল আনন্দর ধানমণ্ডির বাসভবনে চালানো হয় হামলা, লুটপাট, অগ্নিসংযোগ। গোটা বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। শিল্পীর তিন শতাধিক বাদ্যযন্ত্র, স্টুডিও রক্ষা পায় না ভাঙচুর, আগুন থেকে। লেপ-তোষক, এসি থেকে শুরু করে সবকিছু খুলে নিয়ে যায় লুটপাটকারীরা। সেদিন প্রাণ বাঁচাতে তড়িঘড়ি করে বাসা ছাড়তে বাধ্য হন রাহুল। পরে নিঃস্ব অবস্থায় দেশ ছাড়েন এই শিল্পী।

কারা হামলা করেছে

তদন্ত সংশ্লিষ্ট সূত্র, ভিডিও ফুটেজ বিশ্লেষণ এবং অনুসন্ধানে দেখা গেছে, সারা দেশে বাউল, লোকশিল্পী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর সংঘটিত হামলার ঘটনাগুলোর পেছনে একই ধরনের সংগঠিত চক্রের সম্পৃক্ততার ইঙ্গিত মিলেছে। অধিকাংশ হামলাকারী ‘তৌহিদী জনতা’ ব্যানার ব্যবহার করে মাঠে নামে। তবে তাদের অধিকাংশই বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।

অনুসন্ধানে জানা গেছে, মানিকগঞ্জে বাউলশিল্পীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের মধ্যে কয়েকজনের পরিচয় এরই মধ্যে শনাক্ত হয়েছে। ভিডিও ফুটেজ ও স্থানীয় সূত্র অনুযায়ী, হামলায় নেতৃত্ব দিতে দেখা গেছে সাবিদ সাদী নামের এক ব্যক্তিকে। ৫ আগস্টের পর তিনি হেফাজতে ইসলামের সঙ্গে সম্পৃক্ত হন বলে স্থানীয়রা জানিয়েছে। হামলার সময় তাঁকে মাইক হাতে বাউলদের বিরুদ্ধে উসকানিমূলক ঘোষণা দিতে দেখা যায়। আরেকজন শনাক্ত ব্যক্তি হলেন মানিকগঞ্জ সদর উপজেলার বরংগোখোলা গ্রামের হেফাজতে ইসলামের কর্মী আবদুল আলিম। স্থানীয় সূত্র জানায়, হামলার সময় তিনি আহতও হন।

মানিকগঞ্জের একাধিক সূত্র বলছে, হামলায় অংশ নেওয়া অনেকেই স্থানীয় পরিচিত মুখ ছিল না। তাদের বড় অংশ বিভিন্ন মাদরাসার ছাত্র। অনুসন্ধানে আরো জানা গেছে, জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি সাঈদ নূর পরিচালিত সদর উপজেলার মিতরা গ্রামের নূরে কোরআন মাদরাসা থেকে উল্লেখযোগ্যসংখ্যক ছাত্র ওই মিছিলে অংশ নেয়।

এ ছাড়া হামলার উসকানি ও সংগঠনে জড়িত থাকার অভিযোগ রয়েছে আরো কয়েকজনের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে যাঁদের নাম উঠে এসেছে, তাঁদের মধ্যে রয়েছেন মুফতি ওবায়দুল্লাহ, মুফতি মজিবুর রহমান, মাওলানা মাহাবুবুর রহমান, মাওলানা আশিকুল ইসলাম ছানোয়ার, আবদুল হান্নান, মুফতি আবদুল আল ফিরোজ, কারি সোহায়েল ও মুফতি আবদুল করিম কাসেমী। স্থানীয়দের দাবি, তাঁদের অনেকেই বিভিন্ন ধর্মভিত্তিক বা রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত।

শুধু মানিকগঞ্জ নয়, দেশের বিভিন্ন জেলায় একই ব্যানারে বাউলশিল্পী, মাজার ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। বিভিন্ন সূত্র বলছে, শতাধিক মাজার ভাঙচুর করা হয়েছে। হামলা হয়েছে সরকারি-বেসরকারি নানা সাংস্কৃতিক প্রতিষ্ঠানেও।

নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ মনে করেন, শিল্প-সংস্কৃতির বিভিন্ন প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের ওপর হামলাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। কালের কণ্ঠকে তিনি বলেন, পরিকল্পিতভাবেই এসব হামলা চালানো হয়েছে। তাঁর অভিযোগ, উগ্রপন্থী গোষ্ঠীগুলো অন্তর্বর্তী সরকারের নীরব পৃষ্ঠপোষকতা বা প্রশ্রয়ে সাংস্কৃতিক অঙ্গনে ভয় ও অস্থিরতা তৈরি করতে চেয়েছে। একই সঙ্গে শিল্প-সংস্কৃতি অঙ্গনের মানুষের কণ্ঠস্বর স্তব্ধ করার চেষ্টাও ছিল এসব হামলার পেছনে।

নাট্যজন নাসির উদ্দীন ইউসুফও এসব ঘটনাকে পরিকল্পিত বলে মনে করেন। তিনি বলেন, শিল্প-সংস্কৃতি অঙ্গনের কোনো ব্যক্তি জুলাইয়ের হত্যাকাণ্ড বা নাশকতার সঙ্গে জড়িত নন। তার পরও অসংখ্য সাংস্কৃতিক কর্মী হামলা, মামলা ও হয়রানির শিকার হয়েছেন। সরকারি ও বেসরকারি বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

নাসির উদ্দীন ইউসুফের মতে, সাংস্কৃতিক অঙ্গনকে আতঙ্কের মধ্যে ঠেলে দেওয়ার উদ্দেশ্যেই এসব ঘটনা ঘটানো হয়েছে। সংস্কৃতিচর্চা সব সময়ই সমাজে সহনশীলতা, মানবিকতা ও মুক্তচিন্তার চর্চা বাড়ায়। আর সেই জায়গাটিকেই দুর্বল করার চেষ্টা করেছে একটি উগ্র গোষ্ঠী।

আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহর নামে একাধিক হত্যা মামলা রয়েছে। কালের কণ্ঠকে তিনি বলেন, দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনের অধিকাংশ মানুষই রাজনৈতিক ও সামাজিকভাবে সচেতন। মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম এবং অসাম্প্রদায়িক মূল্যবোধ চর্চা করতে গিয়ে তাঁদের কেউ কেউ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে পারেন। তিনি বলেন, ‘রাজনীতি করা তো অন্যায় বা অসাংবিধানিক কিছু নয়। কিন্তু শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে শিল্পী-সংস্কৃতিকর্মীদের ওপর হামলা, হুমকিসহ হত্যা বা হত্যাচেষ্টা মামলা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।’

তিনি দাবি করেন, ‘সাংস্কৃতিক অঙ্গনের যাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে বা যাঁরা হামলার শিকার হয়েছেন, আমি হলফ করে বলতে পারি, তাঁদের কেউই জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন।’

 

উক্তি

উক্তি

ধর্মের নামে রাজনীতি করে জনগণের ভালোবাসা পাওয়া যায় না। জামায়াতে ইসলামী কখনোই ক্ষমতায় আসতে পারবে না।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী

‘স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয়ের অপমৃত্যু’

নিজস্ব প্রতিবেদক
‘স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয়ের অপমৃত্যু’
শফিকুর রহমান

স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয়ের অপমৃত্যু ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন। জামায়াত আমির বলেন, বার্তা স্পষ্ট, বিচারের ওপর রাজনৈতিক প্রভাব ও কর্তৃত্ব নিরঙ্কুশভাবে প্রতিষ্ঠা করা হয়েছে। অথচ এই সরকার বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা দেওয়া ও শক্তিশালী করার প্রত্যয় ঘোষণা করেছিল। এই অপসংস্কৃতিকে আমরা ঘৃণা করি। এর পরিবর্তন একদিন এই বাংলার মাটিতেই হবে, ইনশাআল্লাহ।

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে এই সচিবালয়ের সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফিরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

শিশু রামিসা হত্যাকাণ্ডে নিন্দা : রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর দ্বিখণ্ডিত করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডা. শফিকুর রহমান। গতকাল বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই নিন্দা ও প্রতিবাদ জানান।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত। তুমি নিষ্পাপ ছিলে। তুমি এখনো বৃন্ত থেকে পুরোপুরি ফোটনি। তুমি ছিলে তোমার মা-বাবা ও বোনের চোখজুড়ানো হৃদয়ের আবেগ ও ভালোবাসামাখা ভবিষ্যতের এক অপূরণীয় স্বপ্ন। তুমি চলে গেছ। তোমার চলে যাওয়াটা হায়েনার লালসার কাছে হার মানেনি। ওই হায়েনাটাই চিরদিন লানতের পাত্র হয়ে থাকবে। এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবি করে জামায়াত আমির বলেন, আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং এই নরপশু হত্যাকারীর শাস্তি অতি দ্রুত দেখতে চাই। আল্লাহ তাআলা রামিসাকে জান্নাতের পাখি হিসেবে কবুল করুন। তার পিতা-মাতা, বোন এবং আপনজনকে ধৈর্য ধরার তাওফিক দিন। আমিন।

হজ পালনের উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির : পবিত্র হজ পালন করতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন ডা. শফিকুর রহমান। গতকাল বুধবার দুপুরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হন। হজযাত্রার আগে বিমানবন্দরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় উপস্থিত নেতারা তাঁর সুস্বাস্থ্য, নিরাপদ সফর এবং হজ পালন শেষে সুস্থভাবে দেশে প্রত্যাবর্তনের জন্য দোয়া কামনা করেন। বিমানবন্দরে তাঁকে বিদায় জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। এ ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি।

সৌদি আরবে অবস্থানকালে তিনি পবিত্র মক্কা ও মদিনায় হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করবেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করবেন। পবিত্র হজ পালন শেষে আগামী ১ জুন তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন : পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ২-০ ব্যবধানে ঐতিহাসিক বিজয় লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ক্রিকেট বোর্ড (বিসিবি) সংশ্লিষ্ট সবাইকে দল এবং দেশবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, খেলাধুলায় এ ধরনের সাফল্য দেশের তরুণ প্রজন্মকে ইতিবাচকভাবে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরো সুদৃঢ় করবে।

পাকিস্তানকে বাংলাওয়াশ

বোরহান জাবেদ
পাকিস্তানকে বাংলাওয়াশ
উদযাপন : সিলেটে দ্বিতীয় টেস্টেও পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয়ের উৎসবে মেতে ওঠেন বাংলাদেশের ক্রিকেটাররা। ছবি : মীর ফরিদ

একটু একটু করে চাপ বাড়ছিল বাংলাদেশের ওপর। মোহাম্মদ রিজওয়ান আর সাজিদ খান কি তবে নতুন ইতিহাস লিখে ফেলবেন? করোনা-পরবর্তী সময়ে যেভাবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের হৃদয় ভেঙেছিলেন কাইল মায়ার্স। তখনকার সময়ে এই অখ্যাত ক্যারিবিয়ান ব্যাটারের অপরাজিত ডবল সেঞ্চুরিতেই বাংলাদেশের দেওয়া ৩৯৫ রানের লক্ষ্য তাড়া করে অবিশ্বাস্য জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সিলেট টেস্টে এবার পাকিস্তানকে লক্ষ্যটা অবশ্য আরো বড় দিয়েছিল বাংলাদেশ। সেই ৪৩৭ রানের লক্ষ্য তাড়ায় গতকাল বুধবার শেষ দিন পাকিস্তানের দরকার ছিল ১২১ রান। হাতে ৩ উইকেট। শেষ দিনে রিজওয়ান-সাজিদের প্রথম ঘণ্টার দারুণ ব্যাটিংয়ে লক্ষ্যটা নেমে আসে ৭৯ রানে।

বাংলাদেশ দলের শরীরী ভাষায় তখন চিন্তার ভাঁজ পরিষ্কার। আরো একটা কারণ ছিল, রিজওয়ান-সাজিদ দুজনেই বেশ সাবলীল ব্যাটিং করছিলেন। ধারাভাষ্যকক্ষ থেকে আতহার আলী খান আর রমিজ রাজার কথায়ও উঠে আসে সেটা। তবে দুজন এটাও মনে করিয়ে দেন, একটি উইকেট পড়লেই খেলার মোড় ঘুরে যাবে।

বাংলাদেশের জন্য সেই মুহূর্তটি আসে পাকিস্তান ইনিংসের ৯৬তম ওভারে। তাইজুল ইসলামের বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন সাজিদ। এরপর জয়ের রঙে রঙিন হওয়ার জন্য আর বেশি অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। পরের দুই ওভারে পাকিস্তানের ইনিংসের যবনিকা টেনে দেন শরিফুল ইসলাম ও তাইজুল। বিশেষ করে শরিফুলের বলে ৯৪ রানে থাকা রিজওয়ান আউট হওয়ার পরই বাংলাদেশ এক দফা জয়ের উৎসব করে ফেলে। শরিফুলের সঙ্গে উইকেটের কৃতিত্ব কিছুটা পেতে পারেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। এক প্রান্তে তাইজুলের বিপরীতে বোলিং করছিলেন নাহিদ রানা। ওই প্রান্তে এই তরুণ গতি তারকাকে সরিয়ে শরিফুলকে বোলিংয়ে নিয়ে আসেন নাজমুল। ডানহাতি ব্যাটারের বিপক্ষে অ্যাঙ্গল তৈরি করাই হয়তো বাংলাদেশ অধিনায়কের ভাবনায় ছিল। সেটি কাজেও লেগে যায় মুহূর্তেই। ওভার দ্য উইকেট থেকে শরিফুলের করা অফ স্টাম্পের বাইরের একটু লাফিয়ে ওঠা বলটি রিজওয়ানের ব্যাট ছুঁয়ে জায়গা করে নেয় তৃতীয় স্লিপে থাকা মেহেদী হাসান মিরাজের হাতে। শরিফুলের বুনো উল্লাসের পিছু পিছু পুরো বাংলাদেশ দলের উচ্ছ্বাস আর উইকেটে দাঁড়িয়ে থাকা রিজওয়ানের মলিন অবয়ব যেন সিলেট টেস্টের ছবিটাই এঁকে দিয়ে যায়।

পরের ওভারে তাইজুলের বলে ক্যাচ দিয়ে খুররাম শেহজাদ আউট হলে ৭৮ রানের জয়ে ম্যাচের সঙ্গে সিরিজও নিজেদের করে নেয় বাংলাদেশ। পাকিস্তানকে করে বাংলাওয়াশ! টেস্ট জয়ের মঞ্চ বাংলাদেশ অবশ্য সাজিয়ে রেখেছিল আগের দিনই। এভারেস্টসম লক্ষ্যের সামনে দাঁড়িয়ে থাকা পাকিস্তানের চতুর্থ দিন শেষে স্কোর ছিল ৭ উইকেটে ৩১৬ রান। এরপর জয়টা অবশ্য যতটা সহজে আসবে বলে মনে হচ্ছিল, রিজওয়ান-সাজিদের কল্যাণে সে রকম না হলেও একটা শিক্ষা নিয়ে টেস্টটা শেষ করতে পেরেছে বাংলাদেশ। সেটি হচ্ছে, চাপকে জয় করা। শেষ দিন খেলা যখন হাত থেকে ছুটে যাবে বলে মনে হচ্ছিল, তখনো দল হিসেবে শান্ত থাকার কাজটি বেশ ভালোভাবেই করেছে স্বাগতিক দল। সেই ধৈর্যই সাফল্য এনে দিয়েছে; টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ক্রমাগত উন্নতির পথে যেটি বড় লক্ষণই বলা যায়। পাকিস্তানকে টানা দুই সিরিজে হোয়াইটওয়াশ করার পথেও হাল না ছাড়ার মানসিকতাই এনে দিয়েছে সাফল্য। প্রথমবার ২০২৪ সালে পাকিস্তানের ঘরের মাঠেই কাজটি করেছিল বাংলাদেশ। এবার নিজেদের আঙিনায় হলো। অস্ট্রেলিয়ার পর বাংলাদেশ হচ্ছে দ্বিতীয় দল, যারা দুইবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল।

তবে একটি জায়গায় বাংলাদেশ অনন্য। হোম ও অ্যাওয়েতে পাকিস্তানকে ধবলধোলাই করা একমাত্র দল লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের জন্য রেকর্ডের ফুলঝুরি অবশ্য আরো আছে। বাংলাদেশ নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয়বার কোনো প্রতিপক্ষের সঙ্গে টানা চার টেস্ট জিতল। এর আগে এই কীর্তি ছিল শুধু জিম্বাবুয়ের বিপক্ষে। পাকিস্তানকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যামিপয়নশিপ চক্রের পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এলো বাংলাদেশ। সামনে এটিকে আরো এগিয়ে নেওয়ার সুযোগ যেমন থাকছে, তেমনি এই সিরিজের বাংলাদেশ দেখিয়েছে ঘরের মাঠেও স্পোর্টিং উইকেট বানিয়ে জেতা সম্ভব। বাংলাদেশের জয়ে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটিই লিখেছেন পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরাম, বাংলাদেশে আগে নিচু, ধীরগতির ও অতিরিক্ত স্পিন সহায়ক উইকেটে খেলা হতো। কিন্তু এখন তারা দারুণ টেস্ট উইকেট তৈরি করছে, যা তাদের উঠে আসা পেসারদের সাহায্য করছে। আর সেই পেসাররাই পাকিস্তানকে গতিতে হারিয়ে দিয়েছে। বোলিংয়ের বন্দনার সঙ্গে ব্যাটারদের কথাও বলতে হয়। এই সিরিজে যেটি লক্ষণীয় ব্যাপার, ব্যাটারদের দায়িত্ব নিতে শেখা। প্রথম টেস্টে যেমন নাজমুল-মমিনুল, দ্বিতীয় টেস্টে লিটন দাস আর মুশফিকুর রহিম ব্যাটিং বিভাগের নেতৃত্বে ছিলেন। টেস্ট ক্রিকেটে দল হিসেবে নিজেদের ছাড়িয়ে যেতে বোলিং-ব্যাটিংয়ের এই সমন্বয় অনেক দিন ধরেই খুঁজছিল বাংলাদেশ। ওয়াসিম আকরাম সেটার একটা স্বীকৃতিই যেন দিলেন, বাংলাদেশ এখন এই ফরম্যাটে সেরাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত। এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে?

বাংলাদেশ : ২৭৮ ও ৩৯০

পাকিস্তান : ২৩২ ও ৩৫৮

ফল : বাংলাদেশ ৭৮ রানে জয়ী।

ম্যাচসেরা : লিটন দাস

সিরিজসেরা : মুশফিকুর রহিম

তিন শিরোপায় পূর্ণতা কিংসের

রানা শেখ
তিন শিরোপায় পূর্ণতা কিংসের
বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা জেতার পর ফেডারেশন কাপের ট্রফিও জিতেছে বসুন্ধরা কিংস। কিংস অ্যারেনায় গতকাল ফাইনালে মোহামেডানকে হারানোর পর কিংস খেলোয়াড়দের উদযাপন। ছবি : লুৎফর রহমান

খেলা শুরুর পঞ্চম মিনিটের মধ্যেই গোল খেয়ে পিছিয়ে পড়ে বসুন্ধরা কিংস। এতে অবশ্য হতোদ্যম হয়ে পড়েনি স্বাগতিকরা। বরং মুহূর্তেই ঘুরে দাঁড়ানোর দৃঢ়তায় গোল করে ম্যাচে ফিরে আসে লিগ চ্যাম্পিয়নরা। এরপর আবারও পিছিয়ে পড়ে স্বাগতিকরা। কিন্তু এই কিংস যে হাল ছাড়ে না, এর প্রমাণ তারা আরো একবার রাখে দ্বিতীয়ার্ধে। সেখানেই শেষ নয়, দরিয়েলতন গোমেজও হ্যাটট্রিক করে আলো-ঝলমলে নৈপুণ্য উপহার দেন। ফলে মোহামেডানকে ৩-২ গোলে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা জিতে নিয়েছে কিংস। চ্যালেঞ্জ কাপ ও ফুটবল লিগের পর ফেড কাপ জেতার ভাসে চ্যাম্পিয়নরা। এ নিয়ে দ্বিতীয়বার এক মৌসুমে তিনটি ট্রফি জিতল দলটি। এর আগে ২০২৩-২৪ মৌসুমেও ট্রেবল জিতেছিল কিংস।

গত কয়েক দিনের নানা জটিলতার পর এদিন কিংস অ্যারেনার গ্যালারি ভর্তি ছিল দুই দলের সমর্থকে। উত্তেজনা ছিল তুঙ্গে। উত্তেজনা আরো বেড়ে যায় পঞ্চম মিনিটে মোহামেডান গোল করে এগিয়ে যাওয়ায়। বক্সের ওপরে ফ্রি কিক পায় সাদা-কালোরা। উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফফর  মোজাফফরভের গতির শট উড়ে গিয়ে দূরের পোস্টে জড়িয়ে যায় জালে। কিংসও প্রতিক্রিয়া দেখাতে দেরি করেনি। পরের মিনিটেই আক্রমণে গিয়ে পেনাল্টি আদায় করে নেয় তারা। কিন্তু  পেনাল্টির সিদ্ধান্ত মানতে নারাজ ছিলেন মোহামেডানের খেলোয়াড়রা। এতে খেলা বন্ধও ছিল দুই মিনিট। যদিও দ্রুতই  খেলায় ফেরে মোহামেডান। এরপর সফল স্পট কিকে কিংসকে সমতায় ফেরান দরিয়েলতন গোমেজ।

আক্রমণ পাল্টা-আক্রমণে চলা ম্যাচের ২২ মিনিটে এবার  পেনাল্টি পায় মোহামেডানও। ডান দিক থেকে আরিফের বাড়ানো বলের দখল নিতে যান সাইফুল। কিন্তু তপু বর্মণ পেছন  থেকে ফেলে দেন তাঁকে। তবে পেনাল্টিতে এবার ব্যর্থ হন  মোজাফফরভ। তাঁর গতির শট ঝাঁপিয়ে ফেরান মেহেদী হাসান শ্রাবণ। ৩৪ মিনিটে শ্রাবণ আর পারেননি মোহামেডানের  গোছালো আক্রমণ আটকাতে। ডান দিক থেকে জাহিদ শান্ত কাট ব্যাক করেন বক্সে, সাইফুল ডামি করলে বল পেয়ে যান তাঁর পেছনেই থাকা সৌরভ দেওয়ান। ডান পায়ের নিখুঁত প্লেসিং শটে ফেডারেশন কাপে নিজের সপ্তম গোলটি করেন এই ফরোয়ার্ড।

বিরতির আগেই সমতায় ফিরতে পারত কিংস, কিন্তু দরিয়েলতনের মাপা হেড পোস্টে লেগে বাইরে চলে যায়। বিরতির পর দরিয়েলতনকে আর আটকাতে পারেনি সাদা-কালো রক্ষণভাগ। মধ্যমাঠ থেকে রাকিব হোসেনের থ্রু পাস ধরে অফসাইড ফাঁদ ভেঙে বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে আবার দলকে খেলায় ফেরান ব্রাজিলিয়ান স্ট্রাইকার। সমতা ফিরিয়ে  মোহামেডানের ওপর আরো চাপ বাড়ায় কিংস। ৮০ মিনিটে আবারও দরিয়েলতন ম্যাজিক। মধ্যমাঠ থেকে শাহরিয়ার ইমনের বাড়ানো বল পেয়ে বক্সে ঢুকে আবারও দারুণ ফিনিশিং করেন তিনি। টুর্নামেন্টে ১২তম গোল করে কিংসের আরো একটি ট্রফি নিশ্চিত করেন ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার।

মৌসুমজুড়েই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেছে বসুন্ধরা কিংস। এর পরও তিনটি শিরোপা জেতায় পুরো দলকে কৃতিত্ব দিয়েছেন কোচ বায়েজিদ আলম জুবায়ের নিপু, এই শিরোপা আমাদের কাছে বিশেষ। নানা সমস্যার মধ্য দিয়ে গেছি আমরা। ছেলেরা দারুণ মানসিকতা দেখিয়েছে। সবকিছু ভুলে তারা খেলায় মনোযোগ ধরে রেখেছে। ওদেরকে ধন্যবাদ। এ ছাড়া স্থানীয় কোচরাও অনেক পরিশ্রম করেছেন। সবার অবদানেই শিরোপা জিতেছি আমরা।